EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

ডেইলি সান রিপোর্ট, যশোর

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:১২ পিএম

যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
অ অ

যশোরের মনিরামপুরে নিলামে কেনা মাটি বিক্রির (সমঝোতার) টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে এ ঘটনায় জড়িতদের আটক ও বিচারের দাবিতে স্থানীয় সংসদ সদস্য গাজী এনামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন এমপি এনামুল। এ সময় জড়িতদের আটক না করলে কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুঁশিয়ার দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে মনিরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বৃহস্পতিবার চারটি পয়েন্টে নিলামের মাধ্যমে হরিহর নদ খননের মাটি বিক্রি করেন। পরে ওই মাটি বেশি দামে বিক্রি করে অর্জিত অর্থ ভাগাভাগি নিয়ে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

এতে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, নায়েবে আমির মহিউল ইসলাম, ছাত্রদল নেতা সালিমুন হোসেন, আল মামুনসহ উভয়পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হন। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত ছাত্রদল নেতা সালিমুন হোসেন ও আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত জামায়াত নেতা আহসান হাবিব লিটন অভিযোগ করেন, তিনি ও মহিউল ইসলাম দলীয় কার্যালয়ের সামনে অবস্থানকালে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু দাবি করেন, জামায়াত-শিবিরের কর্মীরাই প্রথমে তরকারি বাজারে হামলা চালিয়ে ছাত্রদলের দুই নেতাকে আহত করে। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে তাদের দলের আরও ৮ থেকে ১০ জন আহত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চালকিডাঙ্গা বাজারে ছাত্রদল কর্মী আসাদুজ্জামান সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয় সংসদ সদস্য গাজী এনামুল হক বলেন, জামায়াতের নেতাকর্মীদের দুর্বল ভাবা ঠিক নয়। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে তাদের নিরীহ কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান, অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন