ক্রিকেট ভেন্যুর নিরাপত্তা জোরদারে আনসার-বিসিবির সমঝোতা স্মারক স্বাক্ষর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম
দেশের ক্রিকেট ভেন্যুগুলোতে আধুনিক ও সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনসার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বিসিবির এডহক কমিটির সদস্য ও সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বিসিবির সঙ্গে আনসার ও ভিডিপির দীর্ঘদিনের সহযোগিতা এ সমঝোতা স্মারকের মাধ্যমে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো পেল। ক্রীড়াঙ্গনের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় আধুনিক, দক্ষ ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে সৈয়দ ইব্রাহিম আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে ক্রীড়াঙ্গনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। ক্রিকেট ভেন্যু, খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা অপরিহার্য। এ চুক্তির আওতায় প্রশিক্ষিত আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, বরিশাল, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, পূর্বাচল, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের সাতটি গুরুত্বপূর্ণ স্টেডিয়ামে মোট ২৭২ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে। এর আগে ঢাকার মিরপুর, কক্সবাজার ও সিলেটের তিনটি স্টেডিয়ামে ১০৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করে আসছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এবং হেড অব সিকিউরিটি ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামিম ফরহাদ (অব.)।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সমঝোতা স্মারক দেশের ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এর ফলে আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে, বিদেশি দল ও দর্শনার্থীদের আস্থা বাড়বে এবং বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা আরও জোরদার হবে।