অর্ডার ও কাঁচামাল সংকট
উত্তরা ইপিজেডের ম্যাজেন বিডি কারখানায় অনির্দিষ্টকালের ‘লে-অফ’
তবে শ্রমিকরা আইন অনুযায়ী (ধারা ১৫) তাদের প্রাপ্য বেতন-ভাতাদি পাবেন।
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি: সংগৃহীত
কাঁচামালের তীব্র সংকট এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের ক্রয় আদেশ (অর্ডার) কমে যাওয়ায় নীলফামারীর উত্তরা ইপিজেডের অন্যতম বড় প্রতিষ্ঠান ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য ‘লে-অফ’ ঘোষণা করেছে।
চীনা মালিকানাধীন চশমা ও অপটিক্যাল ফ্রেম তৈরির এই প্রতিষ্ঠানটি বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এক নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।
প্রতিষ্ঠানের ডাইরেক্টর অপারেশন এরেন লি স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বায়ারদের অর্ডার আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। ফলে কারখানার নিয়মিত উৎপাদন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯-এর ৪৫ ধারা অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা লে-অফ থাকবে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, লে-অফ চলাকালীন কোনো শ্রমিক-কর্মচারীকে কারখানায় উপস্থিত হতে হবে না। তবে শ্রমিকরা আইন অনুযায়ী (ধারা ১৫) তাদের প্রাপ্য বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ মে থেকে ১৪ মে’র মধ্যে সকল শ্রমিক ও কর্মকর্তার বোনাস ব্যাংকের মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) মোহাম্মদ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কাঁচামালের অভাব ও অর্ডার কমে যাওয়ায় ম্যাজেন বিডি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি স্থায়ী বন্ধ নয়; কাঁচামাল সরবরাহ স্বাভাবিক হলে এবং নতুন অর্ডার পেলে কারখানাটি পুনরায় চালু হবে।’
ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজে বর্তমানে ৪ হাজার ৩৬১ জন স্থানীয় শ্রমিক ও কর্মকর্তা কর্মরত আছেন। এছাড়াও প্রতিষ্ঠানটিতে কারিগরি ও প্রশাসনিক কাজে ৯৬ জন চীনা নাগরিক বিশেষজ্ঞ হিসেবে নিয়োজিত রয়েছেন।