কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি, ভেঙে পুকুরে পড়ল মোবাইল টাওয়ার
ডেইলি সান রিপোর্ট, কসবা
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ে একটি মোবাইল টাওয়ার ভেঙে পড়েছে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। এদিকে ঝড়ের কারণে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ওপর দিয়ে এই শক্তিশালী ঝড় বয়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিনাউটি ও কায়েমপুর ইউনিয়ন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া প্রচণ্ড বাতাসে বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এয়ারটেল কোম্পানির একটি টাওয়ার দুমড়ে-মুচড়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এটি একটি ‘মাদার টাওয়ার’। এর মাধ্যমে আরও অন্তত ১০টি টাওয়ারের নেটওয়ার্ক সচল রাখা হতো। ফলে টাওয়ারটি ধসে পড়ায় পুরো এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
-69f0d9e3d045b.jpg)
সংশ্লিষ্টরা জানান, নতুন করে টাওয়ার স্থাপন করা হলে সংশ্লিষ্ট টাওয়ারগুলোতে পুনরায় পূর্ণাঙ্গ নেটওয়ার্ক সেবা চালু করা সম্ভব হবে।
অন্যদিকে, ঝড়ের সময় কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে, ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
-69f0da55777ac.jpg)
সংশ্লিষ্টরা জানান, সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। প্রচণ্ড ঝড়ে বোরো মৌসুমের পাকা ধানক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। তীব্র বাতাসে ধান গাছ মাটিতে লুটিয়ে পড়ায় ফসল কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। মোবাইল টাওয়ার ভেঙে পড়ার পাশাপাশি বড় গাছ পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঈনপুর বাজারে ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়া সড়ক থেকে ভেঙে পড়া গাছ ও বিদ্যুতের তার দ্রুত সরানোর কাজ চলছে।