স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড-এ শ্রেষ্ঠ শিশু শিল্পী পুরস্কার পেয়েছে ঠাকুরগাঁওয়ের রাহাত
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২৬-এ শ্রেষ্ঠ শিশু শিল্পী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান রাইয়ান রাহাত। রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস, অভিনেত্রী রাকা ও অভিনেতা শিপন মিত্র।
অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতির চেয়ারম্যানসহ দেশের বিশিষ্ট সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চায় যুক্ত রাইয়ান রাহাত দ্বিতীয় শ্রেণি থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করে। উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিয়ে ইতোমধ্যে সে তিন শতাধিক সনদ, পাঁচ শতাধিক বই, ক্রেস্ট ও ট্রফি অর্জন করেছে। এর আগে সে সাতটি জাতীয় পুরস্কার লাভ করে। এর মধ্যে জাতীয় শিশু পুরস্কার-২০২০-এ নৃত্যে স্বর্ণপদক, ২০২১ সালে চিত্রাঙ্কনে স্বর্ণপদক, ২০২২ সালে চিত্রাঙ্কনে রৌপ্যপদক এবং ২০২৩ সালে অভিনয়ে স্বর্ণপদক অর্জন উল্লেখযোগ্য। এছাড়া জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩-এ অভিনয় ও চিত্রাঙ্কনে দেশসেরা চ্যাম্পিয়ন হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এর চ্যাম্পিয়ন এবং ২০২৬ সালে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবেও নির্বাচিত হয়েছে সে।
ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া রাইয়ান বর্তমানে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করছে এবং পড়াশোনার পাশাপাশি অভিনয় ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সে বিভিন্ন বিজ্ঞাপন, টিভিসি, ওভিসি ও ফটোশুটে কাজ করেছে। পাশাপাশি ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও অভিনয় করছে। সরকারি অনুদানপ্রাপ্ত ‘নদাই’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী এবং পড়াশোনায়ও বৃত্তিপ্রাপ্ত।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে রাইয়ান রাহাত বলেন, এ সম্মাননা তার জন্য যেমন গৌরবের, তেমনি দায়িত্বও বাড়িয়েছে। ভবিষ্যতে নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায় সে। এ অর্জনের জন্য সে সৃষ্টিকর্তা, তার বাবা-মা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য আয়োজক ও পৃষ্ঠপোষক কমিটি এবং বিচারকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই কৃতি শিশু শিল্পী।