EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দারিদ্র্য বিমোচনে সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের জোর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

দারিদ্র্য বিমোচনে সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের জোর
অ অ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যক্রম পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্কের আন্তঃসরকারি বিশেষজ্ঞ দলের বৈঠকে এ আহ্বান জানানো হয়।

‘এসডিআর ২০২৫: শেপিং দ্য ফিউচার টুগেদার ফর এ রেজিলিয়েন্ট সার্ক’ প্রতিপাদ্যে সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত দ্বিতীয় বৈঠকটি ২২-২৩ এপ্রিল মালে, মালদ্বীপে অনুষ্ঠিত হয়।

মালদ্বীপ সরকারের আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রশাসনিক সহায়তা দেয় সার্ক সচিবালয় এবং আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। বৈঠকে সভাপতিত্ব করেন মালদ্বীপের অর্থ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলি রশীদ।

সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উন্নয়ন-সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিজ নিজ দেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরে আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

তারা বলেন, যৌথ চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সার্ক প্রক্রিয়াকে কার্যকর ও দৃশ্যমান করে তোলা জরুরি। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দুই বিলিয়নেরও বেশি মানুষের কল্যাণ নিশ্চিত করতে সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের মহাপরিচালক ও জাতীয় ফোকাল পয়েন্ট এস. এম. মাহবুবুল আলম। বাংলাদেশের পক্ষ থেকে সার্ককে কার্যকর, দৃশ্যমান ও সহনশীল আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়, যা দক্ষিণ এশিয়ার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা।

আরও পড়ুন