ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বৃদ্ধির ওপর জোর
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম
ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ও সম্প্রসারণ বাড়াতে নীতি নির্ধারক ও প্রকল্প অংশীদারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফসলের ব্যাপক প্রচলনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, রংপুরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও হেড ডা. মো. রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ।
এছাড়া সভায় অংশ নেন হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, ইএসডিও’র “রিয়েক্টস-ইন” প্রকল্পের ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম, নারী কৃষি নেত্রী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
সভায় মানবদেহে জিংকের গুরুত্ব, এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি এবং তা মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, উৎপাদন প্রযুক্তি এবং মাঠপর্যায়ে এর সম্প্রসারণ কৌশল নিয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন, পুষ্টি ঘাটতি পূরণে জিংক সমৃদ্ধ ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এসব ধান ও গম সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে জিংক সমৃদ্ধ ধান ও গমের প্রসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই সভার আয়োজন করে।