EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংসদে ফরিদপুর বিভাগ ঘোষণা ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি নায়াব ইউসুফের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

সংসদে ফরিদপুর বিভাগ ঘোষণা ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি নায়াব ইউসুফের
অ অ

ফরিদপুরকে বিভাগ ঘোষণা এবং জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সোমবার (২০ এপ্রিল) সংসদে দেওয়া বক্তব্যে তিনি ফরিদপুরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে ফরিদপুরবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। বিভাগ ঘোষণার নামে বারবার তাদের প্রতারিত করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, ফরিদপুর সদর এলাকায় ৯টি ওয়ার্ড থেকে বাড়িয়ে ২৭টি করা হলেও নাগরিক সুবিধা বাড়েনি। বরং সিটি করপোরেশনের মতো করে কর আদায় করা হলেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না।

পদ্মা নদীর নাব্যতা হ্রাসের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে নদী শুকিয়ে যাচ্ছে, যা এলাকার মানুষের জীবন-জীবিকায় প্রভাব ফেলছে। এ বিষয়ে পানি সম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি ‘পদ্মা বাঁচাও প্রকল্প' বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী এ জেলায় এখনও কোনো বিশ্ববিদ্যালয় নেই, যা অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানো হলেও বাস্তবে রোগীরা এখনও ভোগান্তির শিকার হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া শিল্পায়নের জন্য গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পাটশিল্প পুনরুজ্জীবনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন