EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে ঢাকা ওয়াসার এমডি, ডিসেম্বরে সরবরাহের আশা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে ঢাকা ওয়াসার এমডি, ডিসেম্বরে সরবরাহের আশা

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকার পূর্বাঞ্চলে আংশিক পানি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন এই প্রকল্প পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক প্রথমে আড়াইহাজার উপজেলার বিষনন্দীতে মেঘনা নদীর তীরে অবস্থিত ইনটেক পয়েন্ট পরিদর্শন করেন। পরে তিনি রূপগঞ্জে প্লান্ট এলাকা ঘুরে দেখেন।

এ সময় প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করেন।

পরিদর্শন শেষে ব্যবস্থাপনা পরিচালক প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রকল্পটি চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের মানুষ নিরবচ্ছিন্ন পানি সরবরাহের সুবিধা পাবে।

তিনি আরও জানান, এ শোধনাগার চালু হলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। পরবর্তী ধাপেও একই পরিমাণ পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে, যা রাজধানীর পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন