কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫তম সভা অনুষ্ঠিত, একাধিক প্রকল্পে ভূমি অধিগ্রহণ অনুমোদন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একাধিক ভূমি অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি স্টেশন (১২টি নতুন ও ৮টি পুনর্নির্মাণ) স্থাপন প্রকল্পের আওতায় গাজীপুর সদর উপজেলার পূবাইল এলাকায় একটি ফায়ার স্টেশনের জন্য ১ একর জমি বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
এছাড়া ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের জন্য ১২.১৪৭১ একর এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চতুর্থ পর্যায়ে উত্তরা ও সাভার এলাকায় ১৪টি মৌজায় ১৩.৪৪৪৮ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়।
সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পেও ভূমি অধিগ্রহণের সুপারিশ করা হয়। এর মধ্যে সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পসহ সিলেটের বিয়ানীবাজার ও জৈন্তাপুর উপজেলায় এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিভিন্ন মৌজায় উল্লেখযোগ্য পরিমাণ জমি অধিগ্রহণের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
সভায় ভূমিমন্ত্রী বলেন, রাষ্ট্রের উন্নয়নের জন্য বৃহৎ প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তা অবশ্যই জনগণের দুর্ভোগ কমিয়ে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে করতে হবে। তিনি কৃষিজমি সংরক্ষণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।