বৈশ্বিক অস্থিরতা
জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা কমিয়ে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের আহ্বান
দেশের অব্যবহৃত ছাদ ও শিল্পকারখানার জায়গা ব্যবহার করে বিপুল বিদ্যুৎ উৎপাদন সম্ভব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম
বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি খাতে সৃষ্ট সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের বিকল্প নেই—এমন মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘বৈশ্বিক অস্থিরতা: জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিতের উপায়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ফসিল ফুয়েল ট্রিটি ইনিশিয়েটিভ।
প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন (বকুল) বলেন, জ্বালানি ও পরিবেশ খাত একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় সমন্বিত পরিকল্পনা অত্যন্ত জরুরি। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পরিকল্পনার ঘাটতির কারণে পরিবেশ দূষণ ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, দেশের অব্যবহৃত ছাদ ও শিল্পকারখানার জায়গা ব্যবহার করে বিপুল বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
‘ধরা’র সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন রিভার বাংলা’র সম্পাদক ফয়সাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভারফক্স এনভায়রনমেন্টাল-এর সিইও ডোনা লিসেনবি, এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সমন্বয়কারী লিডি ন্যাকপিল এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়কারী শরীফ জামিল।
ডোনা লিসেনবি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে। এতে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যার প্রভাব উন্নয়নশীল দেশগুলোতে বেশি পড়বে। তিনি নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের ওপর জোর দেন।
লিডি ন্যাকপিল বলেন, বর্তমান জ্বালানি সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী গ্লোবাল সাউথের দেশগুলো। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও তীব্র করছে উল্লেখ করে তিনি ন্যায্য ও দ্রুত জ্বালানি রূপান্তরের আহ্বান জানান।
শরীফ জামিল বলেন, বিদ্যমান বিদ্যুৎ প্রকল্পের অতিরিক্ত জমি ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ করলে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি রামপাল, পায়রা ও মাতারবাড়ী অঞ্চলের প্রকল্পগুলোর পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ফসিল ফুয়েল ট্রিটি ইনিশিয়েটিভ’র এশিয়া ক্যাম্পেইনার মেগা মাসকি, ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দিপাল বড়ুয়া এবং সিপিআরডি’র নির্বাহী পরিচালক মো. শামসুদ্দোহা।
বক্তারা জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
