বাপ-দাদার পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা
সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এই শিল্প একদিন টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের।
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
একগাদা কাদামাটি। ঘোরানো চরকায় মুহূর্তের মধ্যে সেটি রূপ নিচ্ছে সুন্দর একটি টবে। কাজটি করছেন লনী পাল। তার উঠানজুড়ে সারি সারি মাটির খেলনা। এক কোণে বসে কাদামাটিকে নতুন আকার দিচ্ছেন এক নারী। একটু সামনেই আরেকজন ছোটোদের জন্য হাতি, ঘোড়া, গরু, মাটির ব্যাংকসহ নানা খেলনায় রং দেওয়ায় মগ্ন। পুরো বাড়িজুড়ে যেন এক বিশাল কর্মযজ্ঞ।
এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় মৃৎশিল্পী লনী পালের। তিনি বলেন, ‘দেখলেন তো কীভাবে টব হয়ে গেল। মেলায় টবেরও চাহিদা থাকে। যারা গাছ লাগান তারা এসে নিয়ে যান। তাই বানাচ্ছি।’
তবে কাজের আনন্দের পাশাপাশি রয়েছে উদ্বেগও। লনী পাল জানান, বাপ-দাদার পেশা ধরে রাখতে এখন বেশ বেগ পেতে হচ্ছে। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পণ্য বিক্রি করে আর পোষায় না। তার ওপর প্লাস্টিক পণ্যের সঙ্গে বেচাকেনায় আমাদের টিকে থাকা দায় হয়ে পড়েছে।
-69e20fff457cd.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের পালপাড়ায় এখন মেলার মৌসুমের প্রস্তুতি চলছে পুরোদমে। বিক্রির জন্য তৈরি হচ্ছে নানা ধরনের খেলনা। কেউ রং করছেন, কেউ নতুন খেলনা গড়ছেন। পাইকাররাও ছুটে আসছেন পালপাড়ায়। তৈরি এসব খেলনা যাবে জেলার বিভিন্ন অঞ্চলের মেলা ও বার্ষিকীতে। পাইকারদের পাশাপাশি কারিগররা নিজেরাও মেলায় গিয়ে এসব খেলনা বিক্রি করবেন।
মৃৎশিল্পী অধীর পাল বলেন, ‘অনেক ধরনের খেলনা বানিয়েছি। মেলায় নিয়ে বিক্রি করব। বেশির ভাগই শিশুদের খেলনা। মেলায় এসব পণ্যের চাহিদা বেশি থাকে। অনেক পাইকারও এখান থেকে কিনে নিয়ে যায়।’
তবে ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন। অধীর পাল বলেন, ‘এই শিল্পকে টিকিয়ে রাখা এখন অসম্ভব হয়ে পড়েছে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আরও এগিয়ে যেতে পারব বলে আশা করি।’
নানা সমস্যা আর কষ্টের মধ্যেও শিশুদের খেলনা তৈরিতেই আনন্দ খুঁজে নেন পালপাড়ার মৃৎশিল্পীরা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এই শিল্প একদিন টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের।