পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম
পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমি সমস্যার স্থায়ী সমাধান এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের সুয়ালক আবাসিক উচ্চবিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান ও উন্নয়নের রূপরেখা তৈরি করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের সংকট নিরসনে কাজ করছেন। ভূমি সমস্যার সমাধানের পাশাপাশি এই অঞ্চলে শিক্ষা, অবকাঠামো এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করার মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন করা হবে।
জিয়াউর রহমানের আদর্শের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তিনি সব ধর্ম-বর্ণ ও জাতিকে ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের পতাকাতলে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই পথ ধরেই বর্তমান সরকার দেশে ‘রংধনু সংস্কৃতি’ ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, “বিজু, সাংগ্রাই, বৈসু বা বিষুর মতো উৎসবের বর্ণিল সাংস্কৃতিক বৈচিত্র্যই হলো প্রকৃত বাংলাদেশ। পাহাড়ের ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের মধ্যকার এই সৌহার্দ্যই প্রমাণ করে বাংলাদেশ সাংস্কৃতিক দিক থেকে কতটা সমৃদ্ধ।”
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশ এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ্ আহমদ, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।