দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন, সীমান্তে নিরাপত্তা জোরদার
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: সংগৃহীত
সীমান্ত সুরক্ষা ও চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বিরল উপজেলার মৌচোষা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর ২১তম ‘মৌচোষা’ বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এবং দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিকূল পরিবেশেও বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে অবৈধ কার্যক্রম রোধে বাহিনী সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্যতেলের পাচার প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুর ব্যাটালিয়নের আওতাধীন কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী শূন্যরেখা সংলগ্ন এলাকায় মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এই নতুন বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে এবং সীমান্ত এলাকায় আস্থার পরিবেশ সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।