নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুরা পেল নতুন জামা
তিন শতাধিক অসহায়, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত শিশু প্রত্যেকের হাতে নববর্ষের উপহার স্বরূপ নতুন জামা তুলে দিয়েছে সংগঠনটি।
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত
‘নতুন বছরের নতুন সাজে, হাসবে শিশু সবার মাঝে’- প্রতিপাদ্যকে সামনে রেখে নববর্ষে ঠাকুরগাঁওয়ের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় কর্নেট সাংস্কৃতিক সংসদ।
মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া শিশুপার্কে তিন শতাধিক অসহায়, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত শিশু প্রত্যেকের হাতে নববর্ষের উপহার স্বরূপ নতুন জামা তুলে দিয়েছে সংগঠনটি।
এ উপলক্ষ্যে কর্নেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁও-এর সভাপতি সিদ্দিক বাবু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিশুদের হাতে নতুন জামা তুলে দেন, জেলা বিএনপি’র সভাপতি ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পয়গাম আলী, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরীসহ আরও অনেকে।
নতুন জামা পেয়ে রাবেয়া আক্তার নামের সুবিধা বঞ্চিত এক শিশুর মা বলেন, মানুষের বাসায় কাজ করে যা পাই তা দিয়ে কোনোরকমে সংসার চলে। বাচ্চাদের বাড়তি আবদার কখনও পূরণ করা হয় না। আমার ৬ বছরের আর ৪ বছরের দুটো বাচ্চাই আজ নতুন জামা পেয়ে ভীষণ খুশি হয়েছে, আর ওদের খুশি দেখে আমারও ভালো লেগেছে।
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করে জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, এমন দিনে অনেক সংগঠনই আছে যারা নানা উদ্যোগ গ্রহণ করে। অনেক অর্থ খরচ করে জমজমাট নানা আয়োজন করে। কিন্তু সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কর্ণেট যা ভেবেছে ও করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। সবাই যদি এভাবে কারণে অকারণে এসব শিশুদের পাশে দাঁড়াতো তবে পরিবেশটাই হয়ত অন্য রকম হতো।