সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নগর থেকে পাহাড়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জেলা শহর সবখানেই নতুন বছরকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
বাংলা নববর্ষকে বরণ করে নিতে সারা দেশে ছিল বর্ণিল আয়োজন। আনন্দঘন শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার সমারোহ ছিল সারা দেশ। নগর থেকে পাহাড়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জেলা শহর সবখানেই নতুন বছরকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। ডেইলি সানের প্রতিনিধিদের পাঠানো সংবাদে ভিত্তিতে এসব তথ্য জানা গেছে।
খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় নানা রঙের পোশাকে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। পরে ‘রি-আকাজা’ নামে পরিচিত জলকেলি উৎসবে অংশ নিয়ে অতীতের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরের সূচনাকে স্বাগত জানান তরুণ-তরুণীরা।
রংপুর: রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় বাংলা নববর্ষ। ঐতিহাসিক জিলা স্কুল মাঠ থেকে শুরু হওয়া কর্মসূচিতে ছিল গান, শোভাযাত্রা ও লোকজ মেলা। শোভাযাত্রায় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ প্রদর্শন করা হয়। একই সঙ্গে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের ব্যতিক্রমী উদ্যোগও নেওয়া হয়।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনব্যাপী লোকজ মেলার মাধ্যমে নববর্ষ উদযাপন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন শুরু হয়। শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পাশাপাশি ক্যাম্পাসে বসে বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক আয়োজন।
সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে উদযাপিত হয় নববর্ষ। উপাচার্য শিক্ষার্থীদের নতুন বছরের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়েও দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয় বাংলা নববর্ষ। শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক দর্শনার্থী।
সব মিলিয়ে বাংলা নববর্ষকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের এ আয়োজন বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।