EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কালের কণ্ঠ বাংলাদেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যম: ইইউ রাষ্ট্রদূত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

কালের কণ্ঠ বাংলাদেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যম: ইইউ রাষ্ট্রদূত
অ অ

দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। রবিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে পত্রিকাটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। তার সঙ্গে ছিলেন ইইউর কয়েকজন প্রতিনিধি।

এ সময় বাংলাদেশে সাংবাদিকতায় কালের কণ্ঠের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন মাইকেল মিলার। তিনি কালের কণ্ঠকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ (সিগনিফিকেন্ট) একটি গণমাধ্যম বলে অভিহিত করেন।

মাইকেল মিলার বলেন, এই গণমাধ্যম প্রতিষ্ঠানের কার্যালয়ে আসতে পেরে আমি সম্মানিতবোধ করছি। এই প্রতিষ্ঠান মোবাইল সাংবাদিকতা থেকে শুরু করে অনলাইন, প্রিন্ট এবং ডিজিটাল সব ধরনের মাধ্যমে সংবাদ পরিবেশন করছে। এই প্রতিষ্ঠানের প্রকাশনার অসাধারণ বড় একটি দর্শকগোষ্ঠী এবং শক্তিশালী নেতৃত্ব আছে।

বাংলাদেশে সংস্কার উদ্যোগ প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, ‘আপনারা (বাংলাদেশের জনগণ) বাংলাদেশে যে সংস্কারের পথচলা শুরু করেছেন, সে জন্য আমি আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখা এবং গণমাধ্যমের কাঠামোগত বিষয়গুলো নিয়ে প্রণীত বিভিন্ন যৌক্তিক সুপারিশ বাস্তবায়ন করা।’

রাষ্ট্রদূত বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আপনাদের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে এই প্রক্রিয়ায় পাশে রয়েছে এবং থাকবে। আমরা এই সরকারকে সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে প্রস্তুত। একই সঙ্গে, আপনারা যারা পেশাজীবী, তাদের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেখানে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন।’

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘আপনারা আমাকে জবাবদিহিতার আওতায় আনতে পারবেন, আপনারা নিজেদের কর্তৃপক্ষকেও জবাবদিহির মধ্যে রাখতে পারবেন। আপনারা সাধারণ মানুষের উদ্বেগের বিষয়গুলো অনুসন্ধান করতে পারবেন-এটিই একটি স্বাভাবিক গণতান্ত্রিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।’

মাইকেল মিলার বলেন, ‘স্বৈরশাসন থেকে গণতন্ত্রে উত্তরণের এই যে পরিবর্তনের যাত্রা আপনারা শুরু করেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা আপনাদের নতুন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই। আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা এখন থেকে গণতান্ত্রিক নীতিমালা, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি সম্মান বজায় রেখে এগিয়ে যাবেন। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আপনাদের বিশ্বস্ত রাজনৈতিক সম্পর্কের ভিত্তি হবে এই মূল্যবোধগুলোই।’

রাষ্ট্রদূত আরও বলেন, আগামী সপ্তাহেই ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে একটি উন্নততর, বিশ্বস্ত রাজনৈতিক অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। আমি যখন বলি এই অংশীদারিত্ব একটি কৌশলগত সিদ্ধান্ত, তখন এর অর্থ হলো, আমরা আমাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখতে চাই আপনাদের নাগরিকদের অধিকার এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি।

এর আগে ইইউ রাষ্ট্রদূত বিকেল পৌনে ৪টার দিকে কালের কণ্ঠ কার্যালয়ে আসেন। তাকে স্বাগত জানান কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী, পরিকল্পনা সম্পাদক মাহবুবুল হক, বার্তাপ্রধান ফারুক মেহেদী, উপসম্পাদক ও প্রধান প্রতিবেদক মেহেদী হাসান, মাল্টিমিডিয়া ইনচার্জ রাজীবুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ‘ফেস টু ফেস ডিপ্লোম্যাসি’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানে সরকারের সঙ্গে ইইউর অংশীদারি, মানবাধিকার, গ্রিন এনার্জি, সংবাদপত্রের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে কনফারেন্স হলে কালের কণ্ঠের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আরও পড়ুন