কসবায় অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ২০ হাজার টাকা
ডেইলি সান রিপোর্ট, কসবা
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও জমি ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আব্দুর রশিদ (৬০) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
অভিযানে দেখা যায়, গোপীনাথপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে আব্দুর রশিদ পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটা ও জমি ভরাট কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, পরিবেশের ক্ষতি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। অবৈধভাবে মাটি কাটা ও জমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি পরিবেশ রক্ষায় সকলকে আইন মেনে চলার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।