EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হজযাত্রীদের নিষিদ্ধ পণ্য বহন না করার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম

হজযাত্রীদের নিষিদ্ধ পণ্য বহন না করার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে জানানো হয়েছে, কোনো হজ এজেন্সি বা অন্য কারো প্ররোচনায় পড়ে লাগেজে নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুটকি, রান্না করা খাবার এবং অন্যান্য পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, ‘বিগত বছরগুলোতে সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়ার ঘটনা ঘটেছে। বারবার সতর্ক করার পরও এমন ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।’ তিনি হজযাত্রীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

এদিকে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, সৌদি আরবে কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সেদেশের প্রচলিত আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালনও ঝুঁকির মুখে পড়তে পারে, এমনকি হজ করার সুযোগও হারাতে পারেন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হবে।

আরও পড়ুন