চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশের চক্ষু সেবা খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত-এর সঙ্গে বৈঠক করেছেন অপটোমেট্রিস্টদের একটি প্রতিনিধি দল। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের জন্য উন্নত চক্ষু সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সব স্টেকহোল্ডারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দপ্তরে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
প্রতিনিধি দলে ছিলেন ড. গাজী রিয়াজ রহমান, শাহাদাত হোসেন দেলোয়ার, এস এম আব্দুল্লাহ আল মামুন, আরমান বিন আজিজ এবং এস এম মঈনুল ইসলাম। তারা মূলত ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজি (আইসিও) এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)-এর গ্রাজুয়েট অপটোমেট্রিস্টদের প্রতিনিধিত্ব করেন।
বৈঠকে অপটোমেট্রিস্টদের পেশাগত মানোন্নয়ন ও নিয়ন্ত্রণে একটি যুগোপযোগী ‘অপটোমেট্রি কাউন্সিল’ গঠনের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য খাতে অপটোমেট্রিস্টদের সরকারিভাবে স্বীকৃতি ও নিয়োগ, প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে তৃণমূল পর্যায়ে উন্নত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া এবং সরকারি-বেসরকারি সমন্বয়ে কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়।
আলোচনা শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য উন্নত ও সহজলভ্য চক্ষু সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিনিধি দলের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।
প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সদিচ্ছাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে, কার্যকর নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশের চক্ষু চিকিৎসা খাতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আসবে।