EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তেল-বিদ্যুৎ ছাড়াই চলছে প্রাইভেটকার-ইজিবাইক: নতুন উদ্ভাবন

ডেইলি সান রিপোর্ট, সাতক্ষীরা

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

তেল-বিদ্যুৎ ছাড়াই চলছে প্রাইভেটকার-ইজিবাইক: নতুন উদ্ভাবন
অ অ

দেশে জ্বালানি তেলের দাম নিয়ে উদ্বেগের মধ্যেই চমকপ্রদ এক উদ্ভাবন সামনে এনেছেন সাতক্ষীরার এক উদ্ভাবক। কোনো ধরনের তেল বা বাইরের বিদ্যুৎ ছাড়াই চলতে সক্ষম প্রাইভেটকার ও ১২ আসনবিশিষ্ট ইজিবাইক তৈরি করে স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেছেন শেখ ফারুক হোসেন।

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের বাসিন্দা। তার তৈরি চার চাকার প্রাইভেটকার এবং ‘টাইগার বাইক’ নামের ইজিবাইকটি ইতোমধ্যে মানুষের দৃষ্টি কেড়েছে।

জানা গেছে, এসব যানবাহনে জ্বালানি বা বাইরে থেকে চার্জ দেওয়ার প্রয়োজন হয় না। গাড়ি চলার সময় ভেতরে স্থাপিত ডায়নামো বা ম্যাগনেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, যা ব্যাটারি চার্জ করে এবং সেই শক্তিতেই গাড়ি চলতে থাকে। ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই যানবাহনগুলো থেকে কোনো ধরনের দূষণও হয় না, ফলে এগুলো পরিবেশবান্ধব।

উদ্ভাবক শেখ ফারুক হোসেন জানান, তিনি প্রথমে ১২ আসনবিশিষ্ট ইজিবাইক তৈরি করেন। পরে একই প্রযুক্তি ব্যবহার করে প্রাইভেটকার নির্মাণে সফল হন। একটি গাড়ি তৈরি করতে তার প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয় হয়েছে এবং সময় লেগেছে প্রায় দুই মাস। ভবিষ্যতে কম সময়ে আরও গাড়ি তৈরির সক্ষমতা অর্জনের কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারি সহায়তা পেলে এই উদ্ভাবন বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব হবে এবং তা দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্থানীয়রা এই উদ্ভাবনে গর্ব প্রকাশ করেছেন। লাবসা ইউনিয়ন পরিষদের সদস্য মো. নজিবুর রহমান টুটুলসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এ উদ্যোগকে এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

উদ্ভাবনটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে তা পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন