সাবেক স্পিকার শিরীন শারমিন আদালতে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালতে আনা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১টা ৫৫ মিনিটের দিকে তাকে পুরান ঢাকার সিএমএম আদালতে আনা হয়। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার শিরীন শারমিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এদিন ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, রাজধানীর উত্তরা ও বনানীসহ রংপুর থানায় করা জুলাই সংশ্লিষ্ট একাধিক মামলায় তার নাম রয়েছে।
এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান।
এ সময় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কেউ কেউ গ্রেপ্তার হলেও ড. শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে আসেননি। এমনকি গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।