রাত পোহালেই শেষ বগুড়া-৬ উপনির্বাচনের প্রচার-প্রচারণা
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:২২ এএম
ছবি: সংগৃহীত
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও প্রচারণা।
নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনি এলাকায় জনসভা, মিছিল, শোভাযাত্রাসহ সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে।
সোমবার (৬ এপ্রিল) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে ১১ এপ্রিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান বা তাতে অংশগ্রহণ করতে পারবেন না।
আগামী ৯ এপ্রিল এ আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, বিরতিহীনভাবে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়।
এরপর নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।
এবারের উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিন প্রার্থী- বিএনপির মো. রেজাউল করিম বাদশা (ধানের শীষ), ১১-দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াতে ইসলামীর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বগুড়া সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।