জামায়াত নির্বাচন প্রশ্নবিদ্ধের চেষ্টা করছে: রেজাউল করিম বাদশা
ডেইলি সান রিপোর্ট, বগুড়া
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: সংগৃহীত
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নানা অপপ্রচার ও কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা থেকেই প্রতিপক্ষ দল নির্বাচনকে বিতর্কিত করতে নানা কৌশল নিচ্ছে।
রেজাউল করিম বাদশা দাবি করেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করেছে এবং নতুন সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই কিছু রাজনৈতিক শক্তি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। জাতীয় সংসদে ওয়াকআউট এবং গণভোটের ইস্যু সামনে এনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর সমর্থকেরা বিএনপির প্রচারসামগ্রী ছিঁড়ে ফেলছে এবং তাদের পোস্টারের ওপর পোস্টার লাগাচ্ছে। তবে বিএনপি এসব ঘটনায় উত্তেজিত না হয়ে আইনি পথে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বলে জানান তিনি।
বাদশা আরও বলেন, ধর্মীয় অনুভূতি ও পেশিশক্তি ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তবে ভোটাররা এখন সচেতন, ফলে সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি অতীতের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, বগুড়া ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি এবং এখানে ধানের শীষ প্রতীক বরাবরই বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এবারের নির্বাচনেও সেই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন পর্যন্ত তিনি কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি এবং কেউ তার বিরুদ্ধে প্রমাণ দেখাতে পারবে না। তিনি সাংবাদিকদের নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না।
সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে রেজাউল করিম বাদশা বলেন, নির্বাচিত হলে তিনি বগুড়ায় বিমানবন্দর চালু, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ আধুনিকায়ন, শিল্পাঞ্চল গড়ে তোলা ও সিটি কর্পোরেশন ঘোষণা এবং সাংবাদিকদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।