পাটকল পুনরুজ্জীবনে ৮ দফা দাবি, প্রতিমন্ত্রীর সঙ্গে পাট শ্রমিকদলের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: সংগৃহীত
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে পাটখাতের বর্তমান অবস্থা, বন্ধ মিল চালু এবং শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার বন্ধ পাটকল পুনরায় চালু করে কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিকে সমৃদ্ধ করতে কাজ করছে। তিনি জানান, ২০টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “পাটকল ও শ্রমিকদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বাস্তবায়নযোগ্য দাবিগুলো দ্রুত পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকার এ খাতে যথাযথ মনোযোগ দেয়নি।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। তিনি বলেন, বন্ধ পাটকলগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাইলটিংয়ের মাধ্যমে চালু করা গেলে খাতটি পুনরুজ্জীবিত হতে পারে। এ ক্ষেত্রে উন্নত দেশ থেকে কারিগরি সহায়তা গ্রহণ এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক কাঠামো কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা প্রতিমন্ত্রীর কাছে ৮ দফা দাবি লিখিতভাবে তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালু, পলিথিনের কাঁচামাল আমদানি ও ব্যবহার বন্ধ, পাটকে কৃষিশিল্প হিসেবে স্বীকৃতি দিয়ে শিল্প সুবিধা প্রদান, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং মিলগুলোর মূল্যবান যন্ত্রপাতি সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
বৈঠকে উভয় পক্ষ পাটখাতের উন্নয়ন ও শ্রমিকদের স্বার্থরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।