EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ছবি: কামরুল ইসলাম রতন

অ অ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বেইলি রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ইউএনডিপি প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় স্টেফান লিলার নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।

পুলিশ সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ধাপে ধাপে পুলিশ বাহিনীর সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তিনি উল্লেখ করেন, “পুলিশের পুনর্গঠন, সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ইউএনডিপি গুরুত্বপূর্ণ সহযোগিতা দিতে পারে।”

জবাবে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি পুলিশ সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন গঠন ও এর অধ্যাদেশ প্রণয়নে ইউএনডিপি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সহযোগিতা করেছে।

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীন পুলিশ কমিশন গঠনের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত অধ্যাদেশ সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি পর্যালোচনার পর সংসদে উপস্থাপন করা হবে। তিনি বলেন, অধ্যাদেশের কিছু সংজ্ঞা এমনভাবে নির্ধারিত হয়েছে, যাতে প্রকৃত নির্দেশদাতাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) নিরাপত্তা নিশ্চিত করলেও তদন্ত কার্যক্রম পরিচালনার এখতিয়ার তাদের নেই। তবে ক্যাম্পের সার্বিক নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান, ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালি দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ আনোয়ারুল হক এবং রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ক উপদেষ্টা রোমানা শোয়াইগারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন