EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা: ত্রাণমন্ত্রী

মন্ত্রী বলেন, বিবাহ বিচ্ছেদ বা তালাকের প্রবণতা রোধে নিকাহ রেজিস্টারদের অবশ্যই সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম

বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা: ত্রাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

বাল্যবিবাহ সম্পন্ন কিংবা রেজিস্ট্রি করা হলে নিকাহ রেজিস্টারদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থাসহ লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, বাল্যবিবাহ নিবন্ধনে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। শনিবার (৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের সার্কিট হাউজ হলরুমে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নিবন্ধিত মুসলিম নিকাহ রেজিস্টার ও হিন্দু বিবাহ নিবন্ধক রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

‎​ত্রাণমন্ত্রী বলেন, বাল্যবিবাহ একটি সুন্দর জীবনের শুরুতেই পর্দা টেনে দেয়। অনেক ক্ষেত্রে বয়স জালিয়াতি করে বাল্যবিবাহ নিবন্ধন করা হচ্ছে। বিয়ের আগে বর ও কনের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে তবেই বিয়ে রেজিস্ট্রি করতে হবে। কোনো চাপের মুখে বা প্রলোভনে পড়ে বাল্যবিবাহ নিবন্ধন করা যাবে না। যেখানেই বাল্যবিবাহের খবর পাওয়া যাবে, সেখানেই স্থানীয় প্রশাসনকে অবহিত করে তা রুখে দিতে হবে।

মন্ত্রী বলেন, বিবাহ বিচ্ছেদ বা তালাকের প্রবণতা রোধে নিকাহ রেজিস্টারদের অবশ্যই সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শুধু আইনি প্রক্রিয়া নয়, পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারেও রেজিস্টারদের এগিয়ে আসতে হবে। পারিবারিক কলহ, বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন, আইনের যথাযথ প্রয়োগের অভাব এবং ব্যক্তিগত নৈতিকতার চর্চা কমে যাওয়ায় তালাকের হার দিন দিন বাড়ছে। এটি একটি সুস্থ সমাজের জন্য অশনিসংকেত।

মন্ত্রী আরও বলেন, বিবাহ বিচ্ছেদের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা, যা দীর্ঘমেয়াদে জাতীয় সংকটে রূপ নিতে পারে। বিয়ের নিবন্ধনের সময় যেমন সতর্ক থাকতে হবে, তেমনি বিচ্ছেদ ঠেকাতেও বিবাহ নিবন্ধকদের মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য আহ্বান মন্ত্রী।

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি আমজাদ হোসেন, ​সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ জেলার বিভিন্ন পর্যায়ের নিকাহ রেজিস্টার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন