রাজধানীতে শুরু হলো ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে দুই দিনব্যাপী ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস-২০২৬ শুরু হয়েছে। “ইয়াং সায়েন্টিস্টস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ কংগ্রেসে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, তরুণ বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি কেবল অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তিই নয়, বরং জাতীয় নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবকল্যাণের অন্যতম ভিত্তি।
মন্ত্রী আরও বলেন, সরকার জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে স্টেম শিক্ষার প্রসার, গবেষণাকে বাজারমুখী করা, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি তরুণ বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দিয়ে একটি জাতীয় এআই ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেটা নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পখাতে এআই-এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন ও কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে। দেশের তরুণ বিজ্ঞানীরাই এ পরিবর্তনের প্রধান চালিকাশক্তি।
কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম। স্বাগত বক্তব্য দেন কংগ্রেসের চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ড. এ এস এম মতিউর রহমান এবং সূচনা বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি অধ্যাপক ড. ইয়ারুল কবির।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের গবেষণায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের উদ্ভাবন সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।