EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তথ্য মন্ত্রণালয়

২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে ‘আমার দেশ’ পত্রিকার প্রতিবেদন ভিত্তিহীন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম

২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে ‘আমার দেশ’ পত্রিকার প্রতিবেদন ভিত্তিহীন
অ অ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দৈনিক আমার দেশ’ পত্রিকায় ৩ এপ্রিল প্রকাশিত ‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’ শীর্ষক সংবাদটি বানোয়াট ও বিভ্রান্তিকর।

তথ্য মন্ত্রণালয় জানায়, বিটিভির একটি প্রকল্পের আওতায় দেশের সব কেন্দ্র ও উপকেন্দ্রকে ডিজিটাল সম্প্রচার ব্যবস্থার আওতায় আনার কাজ চলছে। এর অংশ হিসেবে বিটিভির ১৬টি কেন্দ্র ও উপকেন্দ্রে আধুনিক সম্প্রচার যন্ত্রপাতি স্থাপনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্প প্রস্তাব প্রণয়নের সময় থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং যন্ত্রপাতি সরবরাহের আগে পরিদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এতে যন্ত্রপাতি ক্রয়, সরবরাহ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ ও পরিদর্শন সংক্রান্ত ব্যয় প্রকল্পের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে এবং এর সঙ্গে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় জড়িত নয়। সংশ্লিষ্ট শর্ত অনুযায়ী এসব কার্যক্রম সম্পন্ন না হলে অর্থ কর্তনের বিধানও রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকল্পটির প্রায় ৮০ শতাংশ ভৌত কাজ এবং ৯৫ শতাংশ আর্থিক ব্যয় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন