শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য বিশেষ সম্মাননা প্রদান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০২ এএম
ছবি: সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য বিশেষ সম্মাননা প্রদান করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) জর্জিয়া স্টেট সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে এ সম্মাননা তুলে দেন জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি. কেম্প।
রিপাবলিকান ও ডেমোক্রেট—উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানানো হয়। রেজ্যুলেশন প্রণয়নে বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এর আগে, একইদিন সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি. কেম্পের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা সামরিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সঙ্গেও সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্র সফরে যান।