EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফ্যামিলি কার্ড ‘ইউনিভার্সাল সিস্টেমে’ প্রতিটি পরিবারের নারী প্রধানকে দেওয়া হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

ফ্যামিলি কার্ড ‘ইউনিভার্সাল সিস্টেমে’ প্রতিটি পরিবারের নারী প্রধানকে দেওয়া হবে
অ অ

দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানকে ‘ইউনিভার্সাল সিস্টেম’ বা সর্বজনীন পদ্ধতিতে ফ্যামিলি কার্ড প্রদান করবে সরকার। এই কার্ডের মাধ্যমে নারীরা কেবল আর্থিক সুবিধাই পাবেন না, বরং এটি হবে একজন নাগরিক হিসেবে তাদের সম্মানজনক স্বীকৃতির অংশ।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের সংস্থা ইউএনওপিএস-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা জানান।

বৈঠকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন। ইউএনওপিএস-এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেন।

বৈঠকে ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ ইউনিভার্সাল সিস্টেমে প্রতিটি পরিবারের নারী প্রধানকে দেওয়া হবে। 

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মার্চ ঢাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে যারা প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন। 

তিনি আরও বলেন, আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে যেই কার্ড হবে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি। মন্ত্রী দরিদ্র ছেলে এবং মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কেয়ারগিভারের ওপরও আলোকপাত করেন।

অধ্যাপক জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে ইউএনওপিএস-এর পক্ষ থেকে প্রতিনিধি সুধীর মুরালিধরান অভিনন্দন জানান। তিনি বর্তমান সরকার কর্তৃক পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা কর্মসূচির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদানসহ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন