EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সব শিশু, নারীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:১৭ পিএম

সব শিশু, নারীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
অ অ

দেশের সব শিশু, নারীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

তিনি বলেছেন, আমরা এখন সামনের দিকে তাকাতে চাই। একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশ হবে সব শিশুদের, নারীর জন্য নিরাপদ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

ফারজানা শারমীন বলেন, আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে অস্তিত্ব ঘোষণার আজ ৫৬ বছর। সেই ঘোষণার পথ ধরেই ৩০ লাখ শহীদ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর সন্তানদের লড়াই সংগ্রামে অর্জিত হয়েছে সবুজ-শ্যামল এই বাংলাদেশ। ১৯৭১ সালের এ দিনেই দৃপ্ত শপথে বাঙালি জানান দিয়েছিল এ দেশ আমাদের। এ দিনটি আমাদের মনে করিয়ে দেয় সেসব অগণিত শহীদের কথা, যাদের রক্তে রঞ্জিত হয়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ। আত্মত্যাগের সেই ঋণ কখনো শোধ হওয়ার নয়। আমি কৃতজ্ঞচিতে আজ শ্রদ্ধা জানাই সে বীর সন্তানদের।

ফারজানা শারমীন বলেন, বাচ্চাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। বিশেষত মেয়েশিশুদের কোনটা গুড টাচ, কোনটা ব্যাট টাচ এ সম্পর্কে বাচ্চাদের সচেতন করে তুলতে হবে। এ বিষয়ে ক্যাম্পেইন করতে হবে। আমরা সকলে মিলে আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর দেশ গড়তে চাই।

তিনি বলেন, এখন থেকে আমাদের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। নারী নির্যাতন, ধর্ষণ হতে রক্ষা পেতে আমাদের একসাথে আওয়াজ তুলতে হবে। এখনই আমাদের নজর দেওয়ার সময় এসেছে। 

বাংলাদেশ শিশু একাডেমির দায়িত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরজু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শিশু ও সমন্বয়) শবনম মোস্তারী এবং দুজন শিশু শিল্পী জাইমা তাসরিন ও রায়হান মাহমুদ।

আরও পড়ুন