গণহত্যা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৬:২১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে বাণী দিয়েছেন। বাণীতে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “২৫ মার্চ ১৯৭১, গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালায়।”
২৫ মার্চের ঘটনাকে একটি ‘সুপরিকল্পিত হত্যাযজ্ঞ’ উল্লেখ করে তিনি বলেন, “সুপরিকল্পিত এ হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনো ইতিহাসের গবেষণার বিষয়। তবে ২৫ মার্চ দিবাগত রাতে ‘উই রিভোল্ট’ বলে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। গণহত্যা প্রতিরোধের মধ্য দিয়েই শুরু হয়ে যায় দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ।”
প্রধানমন্ত্রী বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার মূল্য ও তাৎপর্য তুলে ধরতে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে জানা জরুরি বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আসুন, আমরা সবাই রাষ্ট্র ও সমাজে মহান মুক্তিযুদ্ধের চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা করি। একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
বাণীর শেষে প্রধানমন্ত্রী সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।