EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদ জামাত

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১২:১০ পিএম

দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদ জামাত
অ অ

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ গোর-এ-শহীদ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি।

সকাল ৬টা থেকেই বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা ঈদগাহে সমবেত হতে শুরু করেন। কিশোরগঞ্জ, বাগেরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এ জামাতে অংশ নেন। তবে রাতের ঝড়-বৃষ্টির কারণে এবার উপস্থিতি কিছুটা কম ছিল বলে জানা গেছে।

নামাজে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং ’৭১ ও ’২৪ সালের শহীদ ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শুরুর আগে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা জজ ও পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব। তারা ঈদের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও সুন্দরভাবে ঈদ জামাত আয়োজনের আশ্বাস দেন।

ঈদগাহে আগত এক মুসল্লি জানান, তিনি সাতবার এই মাঠে নামাজ আদায় করেছেন এবং এত বিশাল জনসমাগমের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

ঐতিহাসিক এ ঈদগাহটি প্রায় ২১ দশমিক ৯৯ একর জায়গাজুড়ে বিস্তৃত এবং ২০১৭ সাল থেকে আধুনিকভাবে বৃহৎ পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

আরও পড়ুন