নাটোরে অসহায় সেলিনার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’, পৌঁছাল ঈদ উপহার
ডেইলি সান রিপোর্ট, নাটোর
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি: সংগৃহীত
গণমাধ্যমে প্রকাশিত এক হৃদয়বিদারক প্রতিবেদনকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গায় অসহায় সেলিনা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শুক্রবার সকালে ওই পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার (২০ মার্চ) সকালে নাটোরের নলডাঙ্গার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় বর্তমান সরকারের মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিনা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
জানা যায়, “সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি”—শীর্ষক প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি তারেক রহমানের নজরে আসে। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
এরই পরিপ্রেক্ষিতে সংগঠনটির একটি প্রতিনিধি দল নাটোরের নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালি এলাকায় গিয়ে সেলিনা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলটি পরিবারের সদস্যদের খোঁজখবর নেয় এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়। একই সঙ্গে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক সহায়তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।