মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে নিহত হবিগঞ্জের সদর আলীর দাফন সম্পন্ন
ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সদর আলীর (৪৫) দাফন সোমবার সম্পন্ন হয়েছে। সকালে মহব্বত খানী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।
মরদেহ এমিরেটসের একটি ফ্লাইটে গত রোববার রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও নিহতের স্বজনরা বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন। রাত ১১টার দিকে এম্বুলেন্সযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয় এবং ভোর সাড়ে ৩টার দিকে বাড়িতে পৌঁছায়।
নিহত সদর আলী প্রায় ৩ বছর আগে জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমান। বানিয়াচং উপজেলার ৩ং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মহব্বত খানী মহল্লার মৃত এরশাদ আলীর পুত্র তিনি। মালদ্বীপে দিঘুরা আইল্যান্ডে বসবাস করছিলেন। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত ভোরে সেহরি রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার রুমে আগুন ছড়িয়ে পড়ে। একই রুমে ঘুমিয়ে থাকা আরও চারজন বাংলাদেশী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বিস্ফোরণে মোট পাঁচ বাংলাদেশী নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত সদর আলীর ভাগ্নে এস এম খলিলুর রহমান রাজু জানিয়েছেন, পাঁচজনের মধ্যে একমাত্র সদর আলীর মরদেহ দেশে এসেছে। বাকিদের মরদেহ মালদ্বীপের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা অবশিষ্ট মরদেহ শীঘ্রই দেশে পাঠানোর ব্যবস্থা করছেন।