EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তদ্বির নয়, মেধার ভিত্তিতে সুযোগ দেওয়া হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নানা ধরনের তদ্বিরের চাপ থাকে, যার বড় অংশই বিভিন্ন পোস্টিং নিয়ে। তবে এসবকে প্রধান গুরুত্ব দিলে সমস্যার সৃষ্টি হয় বলেও মন্তব্য করেন তিনি।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম

তদ্বির নয়, মেধার ভিত্তিতে সুযোগ দেওয়া হবে: মির্জা ফখরুল
অ অ

তদ্বিরের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সব ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের তরুণেরা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে। তবে শুধু চাকরির পেছনে ছুটে লাভ নেই; আত্মকর্মসংস্থানের দিকে মনোযোগ দিতে হবে। এজন্য বিনিয়োগ, ছোট ছোট উদ্যোগ এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খুঁজে। এভাবে চাকরি পাওয়া যাবে না… চাকরি তো অসম্ভব। এজন্য নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।

মেধার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমরা খালি অমুকের ভাই… ভাই একটু বলে দেন—এই সংস্কৃতি থেকে বের হতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নানা ধরনের তদ্বিরের চাপ থাকে, যার বড় অংশই বিভিন্ন পোস্টিং নিয়ে। তবে এসবকে প্রধান গুরুত্ব দিলে সমস্যার সৃষ্টি হয় বলেও মন্তব্য করেন তিনি।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেন সড়ক নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি সমিতির নামে বিভক্তি তৈরির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন