লালমনিরহাট
নারী দিবসে শতভাগ নারী পরিচালিত আরডিআরএস রিজিওনের যাত্রা শুরু
সম্পূর্ণ নারী জনবল দিয়ে একটি রিজিওন পরিচালনার এই উদ্যোগকে নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে লালমনিরহাটে শতভাগ নারী কর্মী দ্বারা পরিচালিত আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাট রিজিওনের আনুষ্ঠানিক শুভযাত্রা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে লালমনিরহাটের সাপ্টীবাড়ীস্থ আরডিআরএস বাংলাদেশ আঞ্চলিক অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পূর্ণ নারী জনবল দিয়ে একটি রিজিওন পরিচালনার এই উদ্যোগকে নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরডিআরএস বাংলাদেশের ক্ষুদ্রঋণ পরিচালক তরিক সাইদ হারুন। সভায় বিশেষ বক্তা হিসেবে নিজেদের অভিজ্ঞতা ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন- লালমনিরহাটের আঞ্চলিক ব্যবস্থাপক রোজিনা বেগম, বুড়িমারী শাখা ব্যবস্থাপক মোছা. মর্জিনা বেগম, সাপ্টিবাড়ী ক্ষুদ্রঋণ কর্মকর্তা মোছা. বিউটি বেগম, আরডিআরএস বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ডা. ইয়াসমিন হেমায়েত আহমেদ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) লাইসেন্স, রেগুলেশন, পলিসি ও ল বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, ইনাফি বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুবা হক, ওয়াটার ডট ওআরজি’র পোর্টফোলিও লিড আবু আসলাম, ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন সামস প্রমুখ।
এ সময় আরডিআরএস বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক (রংপুর-পূর্ব) মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।