বায়ুদূষণে শীর্ষে দিল্লি, পঞ্চম অবস্থানে ঢাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:৪১ এএম
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। আজ শনিবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচকে এ তথ্য জানানো হয়েছে। এই তালিকায় ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ৫৯ মিনিটের তথ্য অনুযায়ী, ২৩৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী এই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা, যার স্কোর ২০২। এই শহরের বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ১৮২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে নেপালের কাঠমান্ডু। আজ লাহোর ও কাঠমান্ডুর বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
একই সময়ে ১৭৫ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে থাকা ঢাকার বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বায়ুমান সূচক যেভাবে নির্ধারিত হয়
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক (একিউআই) শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ওই এলাকার বাতাসকে ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।