রমজানে বিশেষ নজরদারি: ৪৯ প্রতিষ্ঠানকে জরিমানা ও শোকজ বিএসটিআই’র
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৪৯টি প্রতিষ্ঠানকে জরিমানা ও শোকজ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংগৃহীত নমুনা পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের পণ্য নিম্নমানের প্রমাণিত হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার (১ মার্চ) শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, রমজানকে সামনে রেখে বিএসটিআইয়ের বিশেষ নজরদারিতে মোট ১ হাজার ৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৭৫০টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষিত নমুনার মধ্যে ৭০১টি মানসম্মত হলেও ৪৯টি নিম্নমানের পাওয়া গেছে।
সচিব জানান, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট, বাজার তদারকি ও ল্যাবরেটরি পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ইফতার ও সেহরিতে ব্যবহৃত ভোজ্যতেল, খেজুর, মুড়ি, সেমাই, নুডুলস, পানীয় ও দুগ্ধজাত পণ্যের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। খোলা বাজার ও উৎপাদনস্থল থেকে নমুনা সংগ্রহ করে বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।
অনলাইনে নকল ও অবৈধ পণ্য বিক্রয় রোধেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান শিল্প সচিব। ইতোমধ্যে একাধিক অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এবং ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে অভিযান রমজানজুড়ে অব্যাহত থাকবে।
ব্রিফিংয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক এম এ কামাল বিল্লাহসহ শিল্প মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।