ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজের আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর নাগরিক সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন, সড়ক রক্ষণাবেক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে এগোতে হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে আসন্ন ডেঙ্গু মৌসুমের আগে মশক নিধন কার্যক্রম জোরদার, নগরের বিভিন্ন সড়কের সংস্কার এবং বর্ষায় সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
ইশরাক হোসেন বলেন, দীর্ঘ সময় কার্যকর সরকার অনুপস্থিত থাকায় সেবার কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসকদের দ্রুত নাগরিক সেবা সচল করার নির্দেশ দিয়েছেন। নাগরিকদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে ঢাকার নাগরিক সমস্যা নিয়ে কাজ করছেন। তবে ভবিষ্যতে নির্বাচন করতে হলে দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন প্রয়োজন—এ কথা স্পষ্ট করে তিনি জানান।
এ সময় সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বী দলের অস্বাভাবিক ভোটপ্রাপ্তির অভিযোগ তুলে তিনি ভোটার তালিকা যাচাইয়ের দাবি জানান। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা সংশোধনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।