প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে বাবার আকুতি, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
প্রধানমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপের ফলে আজ (মঙ্গলবার) রাজধানীর খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে অপহৃত ওই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
সচিবালয় থেকে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিরাচরিত কঠোর নিরাপত্তা বলয়। কিন্তু সেই প্রটোকল ভেঙে আচমকা প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে এসে দাঁড়ালেন এক ব্যক্তি। আর্তনাদ করে জানালেন, তার স্কুলপড়ুয়া ছেলেকে অপহরণ করা হয়েছে। আকস্মিক এই ঘটনায় সেখানে দায়িত্বরত কর্মকর্তারা হতভম্ব হয়ে গেলেও প্রধানমন্ত্রী ওই ব্যক্তির কথা শোনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর এই সরাসরি পদক্ষেপ নেওয়ার ফলে আজ (মঙ্গলবার) রাজধানীর খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে অপহৃত ওই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সাঈদের ছেলেকে স্কুল থেকে ফেরার পথে অপহরণ করে ফোনে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই শিক্ষার্থীর বাবা আবু সাঈদ তথ্য মন্ত্রণালয় থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর নামার সময় প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ছেলেকে উদ্ধারের অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে রমনা জোনের ডিসি মাসুদকে ওই শিক্ষার্থীকে উদ্ধারের দায়িত্ব দেন। পরে চামেলী বাগ, ১৬ নং নির্মাণাধীন একটি ভবনের ৭তলা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের পর অপহৃত শিক্ষার্থী জানায়, ‘পাঁচ থেকে ছয় জন তাকে জোর করে আটকে রাখে।’
স্থানীয় একটি হাসপাতালে ওই স্কুলশিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রমনা জোনের ডিসি মাসুদ।