টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
ডেইলি সান রিপোর্ট, টেকনাফ
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত
টেকনাফের শাহপরী এলাকায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি বিশেষ দল কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নদীতে অবস্থানরত একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।