রংপুরে বাজেট বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে: ত্রাণমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত
রংপুর অঞ্চলে দীর্ঘদিনের বাজেট বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের আট জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কর্মকর্তাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন মন্ত্রী।
ত্রাণমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে। এ আন্দোলনের সঙ্গে তিনি নিজেও সম্পৃক্ত ছিলেন বলে উল্লেখ করেন। পাশাপাশি রংপুর বিভাগের শিল্পকারখানা স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে সরকার কাজ করবে বলেও জানান তিনি।
এর আগে ২০ ফেব্রুয়ারি নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট-৩সহ রংপুর বিভাগ সফরে আসেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি ঢাকার উদ্দেশে রংপুর ত্যাগ করেন।