ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমান এবং কসবা থানার এসআই মো. হারুনুর রশিদ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহান শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এর আগে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা বিএনপি, কসবা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।