আইনমন্ত্রী আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানাল ‘আসক’
মো. আসাদুজ্জামান তিন দশকেরও বেশি সময় ধরে মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছেন।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এমপি। ছবি: সংগৃহীত
নবগঠিত সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সিনিয়র অ্যাডভোকেট ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান তিন দশকেরও বেশি সময় ধরে মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছেন। তিনি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক মামলা পরিচালনা করে মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার পেশাগত সততা, আইনি দক্ষতা, অভিজ্ঞতা এবং মানবিক মূল্যবোধ দেশের আইন ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি, তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর দায়িত্ব পালনকালে মানবাধিকার, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজতর হবে।
মানবাধিকার, গণতন্ত্র এবং সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রাখতে তার নেতৃত্ব বাংলাদেশ এর জন্য ইতিবাচক অবদান রাখবে বলে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আশাবাদ ব্যক্ত করছে।
উল্লেখ্য, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসক- এর সাবেক সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিষদের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন মানবাধিকার রক্ষায় কাজ করেছেন।