জনগণের অংশগ্রহণ থাকবে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি হতে হবে সকল মানুষের জন্য। দেশের প্রতিটি শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে নবাগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সকল শ্রেণিপেশার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। অর্থনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং প্রতিটি নাগরিকের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা কাটিয়ে পেশাদারিত্ব ও দক্ষতা বাড়াতে হবে। পৃষ্ঠপোষকতানির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে একটি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
ডিরেগুলেশন ও লিবারালাইজেশনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অর্থনীতিকে কেবল ম্যানুফ্যাকচারিং খাতে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য খাতে বিস্তৃত করতে হবে।
অংশগ্রহণমূলক অর্থনীতির উদাহরণ হিসেবে তিনি বরিশালের শীতলপাটির প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, একটি সাধারণ শীতলপাটির দাম ৬০০-৭০০ টাকা। কারিগরদের প্রশিক্ষণ, সহজ ঋণ ও অনলাইন মার্কেটিং সুবিধা দিলে তারা বৈচিত্র্যময় পণ্য তৈরি করতে পারবেন এবং বড় বাজার সৃষ্টি হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে দেশের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি গণতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।