সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নবযোগদান মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সভা অনুষ্ঠিত হয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে।
মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংস্কৃতি একটি দেশের মূল চালিকাশক্তি। নতুন সমাজ ও নতুন বাংলাদেশ গঠনে আমাদের নতুন স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। মন্ত্রণালয়কে এমন অবস্থানে নিয়ে আসতে হবে যাতে একটি জীবনমুখী সংস্কৃতি গড়ে ওঠে।
প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সকলের সহযোগিতায় নতুনভাবে যাত্রা শুরু করার আহ্বান জানান এবং অভিজ্ঞতা ও ইচ্ছাকে কাজে লাগিয়ে নতুন কিছু করার আগ্রহ প্রকাশ করেন।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণও উপস্থিত ছিলেন। এর আগে সচিব মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।