EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত উপদেষ্টার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি: বাণিজ্য উপদেষ্টা
অ অ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত উপদেষ্টার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, আপনাদের সম্পর্কে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আজ আমি গ্র্যাটিচিউড নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি আপনারা দেশের সম্পদ। সঠিক নেতৃত্ব থাকলে আপনারা (কর্মকর্তারা) কাজ করতে পারেন, সেটাই আপনারা প্রদর্শন করেছেন। 

কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদেরকে যে পরিবর্তন এনে দিয়েছে সেই পরিবর্তনটা আপনাদের আচরণে আসতে হবে। কেউ অনায্য কাজ করাতে চাইলে আপনাদেরকে বলতে হবে যে এটা সম্ভব না। অথবা বিনয়ের সঙ্গে বলতে হবে এইভাবে কাজটা হওয়া উচিৎ।

উপদেষ্টা বলেন, ১৮ ফেব্রুয়ারি নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার দিনটি বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য উদযাপনের দিন হবে, এবং নতুন মন্ত্রীকে যথাযথভাবে সহায়তা করার আহ্বান জানান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি, কখনও করবোও না। বাংলাদেশের জন্য কাজ করেছি-আমাদের সন্তানদের জন্য কাজ করেছি। এ কাজে মন্ত্রণালয়ের সকল উইং ও দপ্তর সংস্থা কালেক্টিভলি কাজ করতে পেরেছি এই সুখস্মৃতি নিয়ে আমি এখান থেকে আমার কাজে ফিরে যেতে পারছি। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান ,অতিরিক্ত সচিব এফটিএ আয়েশা আক্তার , বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ  এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তৃতা করেন। 

বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং এর বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন