EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নির্বাচন পরবর্তী সহিংসতা

জামায়াত সমর্থকের বাড়িতে আগুন, বিএনপি সমর্থকদের ওপর হামলা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

জামায়াত সমর্থকের বাড়িতে আগুন, বিএনপি সমর্থকদের ওপর হামলা

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন পরও দেশের বিভিন্ন এলাকায় সংঘাত ও সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। রবিবারও খুলনা, ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহীতে হামলা, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ভোট গ্রহণের দিন গত বৃহস্পতিবার রাত থেকে রবিবার পর্যন্ত অন্তত ২০ জেলার ২০টি স্থানে হামলা ও সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে শুক্রবার মুন্সিগঞ্জ ও বাগেরহাটে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় ‘বিদ্রোহী’ প্রার্থীর দুজন সমর্থক নিহত হন।

খুলনায় সমর্থকের বাড়িতে আগুন

খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার মশিয়ালী গ্রামের আকুঞ্জিপাড়ায় জামায়াতে ইসলামীর এক সমর্থকের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে গিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী শোকর আকুঞ্জি দাবি করেন, তিনি জামায়াতের প্রার্থীর সমর্থক হওয়ায় ভোটের পর বিএনপি প্রার্থীর সমর্থকেরা তাকে হুমকি দিচ্ছিলেন। তারাই আগুন দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হোসাইন জানান, রাতের অন্ধকারে কারা আগুন দিয়েছে তা শনাক্ত করা যায়নি।

ঘটনার প্রতিবাদে জামায়াত নেতারা সেখানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের নদীপাড় এলাকায় নির্বাচন-সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির এক নেতা ও তার চাচাতো ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে।

আহতরা হলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও নায়েব আলী। তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মিজানুর রহমানের অভিযোগ, ভোটের আগের রাতে এক জামায়াত নেতাকে আটক করার জেরে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। হামলায় তার ডান হাতে আঘাত লাগে এবং তাকে রক্ষা করতে গেলে নায়েব আলীকেও মারধর করা হয়।

তবে অভিযুক্ত জামায়াত নেতা মো. আব্দুল্লাহ দাবি করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে; পরিকল্পিত হামলার অভিযোগ সঠিক নয়।

পাবনায় ধানের শীষের সমর্থকের বাসা-অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ

সদ্য সমাপ্ত নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করাকে কেন্দ্র করে পাবনার আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামে আব্দুল লতিফ এর বাড়িঘর ভাঙচুর লুটপাট ও বিএনপির অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর এলাকায় নির্বাচনের রাত ১২টার দিকে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০ থেকে ৩০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল লতিফ বলেন, ধানের শীষের পক্ষে কাজ করায় জামায়াত-শিবিরের লোকজন আমার বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। আমি এর বিচার চাই।

আটঘরিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আছিম উদ্দিন বলেন, শুধু বিএনপির সমর্থকদের বাড়িই ভাংচুর ও লুটপাট করেনি তারা বিএনপি অফিসের আসবাবপত্র, জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিও ভাংচুর করেছে। দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান।

আটঘরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে ব্যবসা নেওয়া হবে। 

রাজশাহীতে ‘বিদ্রোহী’ সমর্থককে মারধর

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে পুঠিয়ার বিড়ালদহ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আহসান হাবীব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ‘বিদ্রোহী’ প্রার্থী ইসফা খায়রুল হক (শিমুল)-এর ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করছিলেন। তার অভিযোগ, ধানের শীষের সমর্থকেরা তাকে লক্ষ্য করে হামলা চালায়।

আরও পড়ুন